খবরওয়ালা স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি । এবার আর্জেন্টিনা শিবিরে আরেক দুঃসংবাদ। ইন্টার মিলান স্ট্রাইকার লওতারো মার্টিনেজও ছিটকে গেছেন উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ থেকে। এই খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ।
রবিবার ইতালিয়ান সিরিআতে আটালান্টার বিপক্ষে ইন্টার মিলানের ২-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেন মার্টিনেজ। হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি চলে গেছেন মাঠের বাইরে। ২৭ বছর বয়সী লওতারো মার্টিনেজের বদলে এখনও কোনো রিপ্লেসমেন্টের নাম ঘোষণা করেনি এএফএ।
বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার মন্টেভিডিওতে উরুগুয়ের এবং মঙ্গলবার বুয়েনস আয়ার্সে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
লিওনেল স্কালোনির দল এখন ১০ দলের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে ৫ পয়েন্ট পেছনে।
খবরওয়ালা/এসআর