আলিফ গ্রুপের ৩ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় আলিফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকেরা কারখানার গেটে এসে এ বিষয়ে নোটিশ দেখতে পান। এরপরই মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

বন্ধ কারখানা গুলো হলো-স্বাধীন গার্মেন্টস লিমিটেড,স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় বুধবার (১৯ মার্চ) সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ দিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, এতদ্বারা স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লি.-এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী আগামী ২০ মার্চ বৃহস্পতিবার হতে কারখানার সকল কার্যক্রম (No Work No Pay) এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল।’

নোটিশে আরও বলা হয়েছে, গত ১৭ মার্চ হইতে অদ্য ১৯ মার্চ পর্যন্ত কারখানার সকল শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখে। যার ফলশ্রুতিতে কারখানা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন হয়। এমতাবস্থায় কারখানার উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয় বিধায় স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লি. এর কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হইল।

শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সামনে ঈদ অন্য কারখানার শ্রমিকরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আমাদের টাকার জন্য সবার দ্বারে দ্বারে ঘুরছি। কর্তৃপক্ষের কেউ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ‘শ্রমিকরা কিছু দিন ধরেই তাদের পাওনার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়। তারা কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান করছেন।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।