আর্জেন্টিনা-ব্রাজিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে কাল

আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের মধ্যে এই দু’দলের যেকোন পর্যায়ের ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা উত্তেজনার পারদ সবসময়ই তুঙ্গে থাকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে বুধবার সকাল ৬টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা–ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই ম্যাচ ঘিরে উত্তেজনা ক্রমে দানা বাঁধছে।

দুই দলের সবচেয়ে বড় দুই তারকা তারকা লিওনেল মেসি ও নেইমার না থাকলেও এই ম্যাচ ঘিরে উত্তাপের কমতি নেই। এরই মধ্যে ম্যাচটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলাপ–আলোচনা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষ ব্রাজিলকে সমীহ করার কথা বলেছেন। আর ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেছেন, টানা ব্যর্থতার পর এবার তাদের জেতার পালা।

সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল অবশ্য দুই মেরুতে। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা রীতিমতো উড়ছে। বিশ্বকাপ বাছাইয়েও বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান এখন সবার ওপরে।

অন্যদিকে সেই একই বিশ্বকাপ থেকে ধুঁকছে ব্রাজিলের ফুটবল। গত বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিয়েছে। ভালো করতে পারছে না বিশ্বকাপ বাছাইয়েও। এমনকি আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ডও হতাশাজনক। সর্বশেষ চার ম্যাচের মধ্যে কোনোটিতেই জেতেনি ব্রাজিল। ৩টিতে হেরেছে, ড্র করেছে আরেক ম্যাচে।

বুয়েনস এইরেসে বুধবারের ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের জয়খরা ঘুচাবে নাকি আর্জেন্টিনা জয়রথ অব্যাহত রাখবে, সেটাই দেখার অপেক্ষা।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।