খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: 17শে চৈত্র ১৪৩১ | ৩১ই মার্চ ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
ঈদ আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৬-১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট সরকার খুশি মনে ঈদ করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (৩১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকবো। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
এ সময় সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ, জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহবাজ চৌধুরী জিদান প্রমুখ উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/এমবি