খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বারাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়ায় সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন শেষে দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামর সব সহিংসতার মূল কারণই চাঁদাবাজি। চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ করা যাবে না। কোট-স্যুট পরা লোকেরাই বড় বড় কথা বলে এসব জিইয়ে রাখে। কোনো অবস্থাতেই এসব চাঁদাবাজি সন্ত্রাস বরদাশত করা হবে না। কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা সম্ভব না হওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/আরডি