খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
বান্দরবানের লামায় একটি পর্যটকবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশু, চালক ও হেলপারসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে লামা-চকরিয়া সড়কের মাদানি নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)।
দুঘর্টনায় আহত মো. নেজাম উদ্দিন জানান, তিনি ও তার পরিবারের অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন সবাই চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় থাকি। ঈদ পরবর্তী ছুটি কাটানোর জন্য সকলে পাহাড়ে বেড়ানোর উদ্দেশে চট্টগ্রামের লোহাগাড়া-আমিরাবাদ থেকে একটি মিনিবাসে করে লামা মিরিঞ্জা পর্যটন এলাকায় বেড়াতে আসি। আমাদের বাসটি পাহাড়ী ঢালু পথে নামার সময় গাড়ি ব্রেক ফেইল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে করে গাড়িতে থাকা সবাই কম বেশি আহত হয়।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। মোট ২৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বাড়ি লোহাগাড়া উপজেলায় হওয়ায় তারা চিকিৎসা নিয়ে চলে গেছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক পুলিশের হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা চিকিৎসা নিয়ে লোহাগাড়া চলে গেছে।
খবরওয়ালা/এসআর