মরক্কোর মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৫ এপ্রিল) আগুন লাগাার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা।
এদিকে মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুন লাগার ঘটনাটি খুব বেশি বড় ছিল না। পাশাপাশি হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং ইমার্জেন্সি দলও বেশ ত্বরিত প্রতিক্রিয়া দেখিয়েছে।
যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।
মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সব মিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে জানা গেছে।
খবরওয়ালা/এমইউ



