আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সবকিছু ঠিক থাকলে, এটি হবে বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

ভারত সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলেছিল। সেবার তারা তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। এক দশক পর আবারো লাল-সবুজের দেশে ফিরছে মেন ইন ব্লু।

এবারের সফরে প্রথম দুটি ওয়ানডে ও শেষ দুটি টি-টোয়েন্টি ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি আয়োজন করা হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (পূর্ব নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

এই সফর ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেও কাজ করবে, যার আয়োজক দেশ ভারত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এই সিরিজটি আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে অন্যতম রোমাঞ্চকর ও প্রত্যাশিত একটি ইভেন্ট হতে চলেছে। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটেই মানদণ্ড তৈরি করেছে এবং দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতা উপভোগ করবেন বলে আমরা নিশ্চিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছে। আমি নিশ্চিত এই সিরিজটিও তেমনই উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ আগস্ট। এরপর চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি খেলবে, যা অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ আগস্ট।

ঢাকায় ফিরে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট।

বাংলাদেশে আগস্ট সাধারণত ক্রিকেট মৌসুম নয়। এই সময় বাংলাদেশ খুব কমই ম্যাচ খেলেছে। যেমন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট এবং ২০২১ সালে একই দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ। তবে এর আগেও বাংলাদেশের অফ-সিজনে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। কেননা ২০১৪ সালে ভারতের সফরটি ছিল জুন মাসে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।