খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: 4শে বৈশাখ ১৪৩২ | ১৭ই এপ্রিল ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে উত্তেজনা বাড়লেও বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দেশটির একাধিক সরকারি সূত্রের বরাতে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ যেসব বাণিজ্য সিদ্ধান্ত নিয়েছে, সেসবের প্রতিক্রিয়ায় দিল্লি কোনো ‘পাল্টা ব্যবস্থা’ নাও নিতে পারে। নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের চাপ কমাতে ভারত বাংলাদেশের জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বলে জানানো হয়।
তবে এতে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলেও ভারত আশ্বস্ত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার দাবি, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশে দেওয়া সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যের প্রতিক্রিয়া নয়। বরং বাংলাদেশ গত মার্চেই তিনটি বন্দর বন্ধ করে এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। যদিও এই সংক্রান্ত নির্দেশনা কার্যকর হয়েছে মাত্র এক সপ্তাহ আগে।
এ ছাড়া, ভারতীয় পক্ষের মতে, গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ যে সতর্কতা জারি করেছিল সেটিও ছিল বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরির একটি পদক্ষেপ।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ এখন বিকল্প বাজার খুঁজছে। এর অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানি করেছে বাংলাদেশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
খবরওয়ালা/আরডি