পাকিস্তানিদের সব ধরণের ভিসা স্থগিত করল ভারত, দেশত্যাগে সময় পাবে ৭২ ঘণ্টা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে নয়াদিল্লি।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের মন্ত্রিপরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাঁচটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় মেডিকেল ভিসা-সহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা আগামী রবিবার (২৭ এপ্রিল) থেকে বাতিল হয়ে যাবে। এ ছাড়া ওই দেশের নাগরিকদের দেওয়া সকল মেডিকেল ভিসাও মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে সংশোধিত এই সময়সীমার মধ্যে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ভারত ভ্রমণের জন্য কোনও ধরনের নথি পাবেন না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়ানোর বিষয়ে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের শিগগিরই দেশে ফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিজ নাগরিকদের পাকিস্তান থেকে ফেরার পরামর্শ দেওয়ায় ভারত শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৫ ভারতীয় ও ১ নেপালি নাগরিক নিহত হন। এরপর থেকে ভারতের অভ্যন্তরে পাকিস্তানবিরোধী মনোভাব চরমে পৌঁছায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ ভারত-পাকিস্তান সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলেছে এবং সংঘাতের সম্ভাবনাও বাড়িয়েছে।

এদিকে, ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তানও বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক করেছে এবং পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

 

সূত্র: এনডিটিভি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।