খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সারোয়ার আহমেদ (৩৭) ও মো. রাকিব (১৭) নামে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টা ও দুপুর ১২টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ছোট কুমিরার ইলিয়াস পেট্রল পাম্পের সামনে ড্রাম-ট্রাকচাপায় মো. রাকিব নিহত হয়। নিহত রাকিবের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে সীতাকুণ্ডে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে নাস্তা করতে নামেন রাকিব (১৭) নামে এক হেলপার। এসময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা দেয়। এতে রাকিব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন কাভার্ড ভ্যানের চালক। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ায় সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকাপড়া চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’
অন্যদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে রাস্তা পারাপারের সময় সারোয়ার আহমেদ (৩৭) নামে ইউনিটেক্সের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত সারোয়ার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউনিটেক্স ফ্যাক্টরির সামনে ঢাকামুখী একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সারোয়ার আলমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম ছোট কুমিরার ইলিয়াস পেট্রল পাম্প ও ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে পৃথক স্থানে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। দুটি ঘটনায় পৃথক মামলা হবে।’
খবরওয়ালা/এসআর