খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরকে পাঠান নোটিশ প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) নোটিশ দাতাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ এপ্রিল ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়।
নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. তাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। ডা. তাসনিম জারার বিরুদ্ধে নোটিশে ব্যবস্থা নেওয়ার কথা বলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সংশ্লিষ্ট আইনজীবীরা।
তবে সংশোধিত নোটিশে বলা হয়, অনেক খবরে বলা হয়েছে ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানো হয়নি। ডা. তাসনিম জারার নামটি ঘটনাচক্রে রেফারেন্স হিসেবে ডা. জাহাঙ্গীর কবিরের সঙ্গে এসেছে। বিষয়টিকে অনেকেই অতিরঞ্জিত করে অনলাইনে বাণিজ্য করার চেষ্টা করছে। যা অনাকাঙ্ক্ষিত।
ব্যারিস্টার পল্লব জানান, সম্প্রতি ডা. তাসনিম জারা সামাজিক মাধ্যমে এ বিষয়ে তার বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য মনোযোগসহকারে বিবেচনা করেছেন নোটিশদাতারা।
তিনি আরও বলেন, ডা. তাসনিম জারা একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল চিকিৎসক। তার ছবি ও ভিডিও ব্যবহার করে অনেক ফেক আইডি ও চ্যানেল প্রতারণা করছে।
তাসনিম জারার বক্তব্যে নোটিশদাতারা সন্তুষ্ট। তাই তার নাম এবং একইসঙ্গে ডা. জাহাঙ্গীর কবিরের নামও নোটিশ থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে নোটিশদাতারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান ব্যারিস্টার পল্লব।
খবরওয়ালা/এসআর