বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। এই সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাওলানা মো. নাসির উদ্দিনও গুরুতর দগ্ধ হন।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের রাজাপুর গ্রামের উত্তরপাড় হিজবুল্লাহর বাজারে ঘটে এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ড্রাম থেকে পেট্রোল ঢালছিলেন মাওলানা নাসির উদ্দীন। এসময়ে তাঁর হাত ফসকে ওই মোমবাতিটি পেট্রোলের ড্রামে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই ওই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। নাসির উদ্দীন তাৎক্ষণিকভাবে ওই দোকানে থাকা আরো কয়েকটি পেট্রোলের ড্রাম সরাতে গেলে তাঁর শরীরেও আগুন লেগে যায়। এতে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাওলানা মো. নাসির উদ্দীন পূর্ব রাজাপুর বালিকা দাখিল মাদরাসার একজন সরকারি শিক্ষক। মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি স্থানীয় হিযবুল্লাহ বাজারে মুদী-মনোহরীর ব্যবসা করতেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
খবরওয়ালা/টিএ