সেতু নির্মাণে বছর পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি, হতাশ স্থানীয়রা

কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে মাগুরা, ঝিনাইদহ, পাবনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গড়াই নদীর উপর জানিপুর-ওসমানপুর ঘাটে সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি। এ সেতু নির্মাণ হলে কুষ্টিয়ার খোকসা ও পাশের জেলার অন্তত ছয়টি ইউনিয়নের লাখো মানুষের চলাচলে নতুন দিগন্তের সূচনা হবে।

গত বছরের ৫ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। তবে এক বছর পেরিয়ে গেলেও সেতুর দৃশ্যমান কোনো নির্মাণ কাজ শুরু হয়নি, যা স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি করেছে।

খোকসা তালবাড়িয়া থেকে গড়াই নদী ফরিদপুর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নদীর উজানে কুমারখালী ও ভাটিতে কামারখালীতে সেতু থাকলেও মধ্যবর্তী ৩০ কিলোমিটার এলাকায় নেই কোনো সেতু। এতে এই অঞ্চলের কৃষিপণ্য পরিবহণ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের যাতায়াতেও ভোগান্তি বাড়ছে।

স্থানীয়রা বলছেন, জানিপুর বাজার থেকে ওসমানপুর পর্যন্ত সেতু নির্মাণ হলে কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর এবং পাবনার মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে। এতে এই অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। কৃষকের উৎপাদিত পচনশীল পণ্য সরাসরি ঢাকা, খুলনা ও অন্যান্য বড় শহরে পাঠানো সম্ভব হবে, ফলে পণ্যের ভালো দাম পাওয়া যাবে।

এ বিষয়ে কুষ্টিয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, জানিপুর-ওসমানপুর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে এবং এর নকশা (ডিজাইন) সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং এরপরই নির্মাণকাজ শুরু হবে।

স্থানীয়রা আশাবাদী, দীর্ঘদিনের এ স্বপ্ন এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।