ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, পরিষ্কার মত দিলেন তামিম

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাঠামো ও নেতৃত্ব নিয়ে। বোর্ড পরিচালনায় যাঁরা থাকবেন, তাঁদের ক্রিকেট বোঝার ক্ষমতা ও দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন থাকা জরুরি—এমন মন্তব্য করে বিসিবি নির্বাচন সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩ মে) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন তামিম। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে খোলামেলা মত দেন।

তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার, কারা সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের প্রতিনিধিত্ব করছে-তাদের ক্রিকেটজ্ঞান, স্বপ্ন, পরিকল্পনা—সবকিছুই প্রভাব ফেলে জাতীয় দলের পারফরম্যান্সে। বাংলাদেশ দল ভালো খেলবে কি খেলবে না, তার অনেকটাই নির্ভর করে এদের ওপর।’

এ বছরের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচন ঘিরে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান জানান সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, ‘একটা অনুরোধ করব—জেলা বা বিভাগ থেকে যাঁরা ক্রিকেট বোর্ডে প্রতিনিধিত্ব করতে চান, তাঁদের যেন অন্তত ক্রিকেটের বেসিক বোঝাপড়া থাকে। যাঁদের স্বপ্ন আছে, যাঁরা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চান, তাঁদেরই নির্বাচিত করুন।’

তামিম সমালোচনা করেন এমন পরিচালকদের, যারা নিজ এলাকার ক্রিকেট উন্নয়নে ব্যর্থ। বলেন, ‘ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। যদি কেউ নিজ জেলায় ক্রিকেটের উন্নয়ন না করে, তাহলে তার বোর্ডে আসার কোনো দরকার নেই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল ইসলামসহ ক্রীড়া অঙ্গনের অন্যান্য ব্যক্তিবর্গও।

তামিম ইকবাল জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন আগেই। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের ঘটনার পর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও অনিশ্চয়তায়। সব মিলিয়ে বলা যায়, তামিম ইকবালের ক্রিকেটার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। এখন তিনি অবসর-পরবর্তী জীবনের পথে হাঁটছেন। কী করবেন এখন? সেই প্রশ্নের কিছুটা উত্তর মিলছে তাঁর সাম্প্রতিক বক্তব্যে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।