মোদির সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। রবিবার (৪ মে) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যা পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। ভারত অভিযোগ করে আসছে, হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও পাকিস্তান এ অভিযোগ নাকচ করেছে। এই হামলার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

বিমানবাহিনী প্রধানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত শনিবার (৩ মে) প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী। এ সময় তিনি আরব সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ ছাড়া ২৯ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী মোদি এক উচ্চপর্যায়ের বৈঠকে বলেন, পেহেলগাম হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাধীন।

এর ফলে পাকিস্তানে হামলার আশঙ্কা জেগেছে, বিশেষ করে সীমান্তে গোলাগুলি এবং পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের মধ্যে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে।

 

 

সূত্র: পিটিআই

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।