চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ।

শুক্রবার (৯ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাকিবুল হাসান।

তিনি বলেন, এর আগে বেলা ১২ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি ছিল চুয়াডাঙ্গায়।

এদিকে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। রোজগারের তাগিদে তাদের রোদ আর দাবদাহ উপেক্ষা করেই রাস্তায় নামতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদরের কুন্দিপুর গ্রামের অটোরিকশা চালক রশিদুল ইসলাম বলেন, কড়া রোদের মধ্যে গরম উপেক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি যাত্রীর আশায়। কিন্তু বাইরে মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না।

পথচারী আব্দুর রহিম বলেন, এত রোদ গরমে বাইরে বের হওয়া যাচ্ছে না। খুব জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছি। কিন্তু রাস্তায় দাঁড়ালে মনে হয় আগুন ঝরছে। মাথা গরম হয়ে চোখে ঝাপসা দেখছি, মুখ পুড়ে যাচ্ছে।

এই অস্বাভাবিক গরমে শুধু শ্রমজীবী নয়, শিশু, বৃদ্ধ ও অসুস্থরাও চরম দুর্ভোগে পড়েছেন। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যার রোগী বাড়ছে বলেও জানা গেছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।