খবরওয়ালা বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে ২০২৫
বগুড়ার শেরপুর উপজেলায় কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের রাজবাড়ী গ্রামের চন্ডিপুকুর নামের একটি পুকুরপাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ মে) বিষয়টি খবরওয়ালাকে নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিয়ামের ছেলে ফরিদ মিয়া (৩৫), রইচ উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪০) এবং ছালেম মিয়ার ছেলে নাছিম মিয়া (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার খোট্টাপাড়া এলাকার শরিফ নামের এক শিশু খেলার সময় পুকুরপাড়ে মূর্তিটি খুঁজে পায়। পরে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করেন। সেই সুযোগে ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে নেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শাহ বন্দেগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ জানান, র্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে। এটি কষ্টিপাথরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
খবরওয়ালা/এমইউ