খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যেই আকস্মিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতব্যাপী আলোচনা শেষে দুই দেশ তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প লেখেন, ‘সাধারণ জ্ঞান ও দুর্দান্ত কৌশল প্রদর্শনের জন্য ভারত ও পাকিস্তান উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!’
এ ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। তবে ভারত ও পাকিস্তান—দু’পক্ষের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি।
এর আগে চলমান সংঘর্ষে দুই পক্ষ একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালায়। ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের অন্তত ৯টি স্থাপনায় আঘাত হানে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’, যার আওতায় ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে চালানো হয় ২০টিরও বেশি হামলা।
পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা দেশটির জিও নিউজকে জানান, এসব হামলা ভারতের আগ্রাসনের জবাবে সীমান্ত অতিক্রম করে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার্থেই চালানো হয়েছে। এর আগে ৫ ও ৬ মে রাতের ক্ষেপণাস্ত্র হামলাগুলো নতুন সংঘাতের ভিত্তি তৈরি করে দেয়।
বিশ্লেষকদের মতে, দুই দেশের এমন সামরিক তৎপরতা দক্ষিণ এশিয়ায় উত্তেজনার নতুন মাত্রা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতিকে অনেকেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন, যদিও বাস্তবে এর কতটা প্রয়োগ হবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।
বিশ্বজুড়ে কূটনৈতিক মহল এখন অপেক্ষায়—কবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দেবে এবং মাঠপর্যায়ে এর বাস্তবায়ন শুরু হবে।
খবরওয়ালা/আরডি