খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকা। এছাড়া, সারাদেশের মধ্যে সবচেয়ে তীব্র তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।
শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, আজ ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। অপরদিকে, চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
গত শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকায় ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আরো জানান, সাধারণত ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তা মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়, কিন্তু ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকাবাসীসহ দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের জন্য তীব্র তাপপ্রবাহ এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
খবরওয়ালা/আরডি