খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫
রাজাকারদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
সোমবার (১২ মে) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়! লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না! গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ-দাদার?’
এই বক্তব্যের পরপরই আরেকটি পোস্টে বাকের মজুমদার লেখেন, ‘হাসিনাকে সরায়ে গোলাম আযমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেই নাই।’ তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
উল্লেখ্য, আবু বাকের মজুমদার ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনের সময় তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছিল বলে জানা যায়।
বাকেরের সাম্প্রতিক এই পোস্টে রাজাকার ও মুক্তিযুদ্ধবিরোধীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে, যা চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।
খবরওয়ালা/আরডি