লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই খালাতো ভাইয়ের

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন ও নাজিম হোসেন নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বাঞ্চানগর এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল। তাদের বয়স সাড়ে ৩ বছর।

পরিবারিক সূত্র জানায়, নাজিম ও জিহাদ উঠানে খেলা করছিল। সবার অগোচরে তারা পুকুরের পানিতে ডুবে যায়। তাদের উঠানে না দেখে সবাই খোঁজাখুঁজি করে। একপর্যায়ে দুইজনের দেহ পানিতে ভেসে উঠে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদের বয়স একই। তারা একসঙ্গে খেলাধুলা করছিল। এরমধ্যেই তারা পানিতে ডুবে মারা গেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে। তাদের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।