কুমারখালীতে আশ্রয়ণ প্রকল্পের সভাপতিকে মারধরের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আশ্রয়ণ প্রকল্পের সভাপতি রেখা রাণী মণ্ডল (৪৮) মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই দিন বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রেখা রাণী মণ্ডলের অভিযোগ, বাঁশগ্রামের প্রভাবশালী ব্যক্তি সাহেব আলীর দুই ছেলে—রাজিব (২২) ও রাকিব (২০)—দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছেন। রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় শিপন নামের এক ব্যক্তির জমি থেকে কলা গাছের দুইটি চারা আনতে গেলে রাজিব ও রাকিব তার উপর চড়াও হন। তারা তাকে মারধর করেন, জামাকাপড় ছিঁড়ে ফেলে দেন এবং হাঁসুয়া দিয়ে গলায় হালকা কেটে দেন বলে অভিযোগ করেন রেখা রাণী। তিনি বলেন, ‘আমি বিচার চাই, যেন এই ধরনের ঘটনা আর না ঘটে।’

এদিকে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে রাজিব বলেন, ‘রেখা আমাদের গাছ থেকে কাঁঠাল তুলেছেন। এ নিয়ে কিছু কথাকাটাকাটি হয়েছে। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।