খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেট স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রিটকারী। হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, আগামী রোববার (২৬ মে) আপিল বিভাগে আবেদন (সিএমপি) করবেন তারা।
এর আগে, ২২ মে বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইশরাককে মেয়র ঘোষণার গেজেট ও শপথ কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন। ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
রিট খারিজ হওয়া মামলায় রিটকারী ছিলেন আইনজীবী মামুনুর রশিদ। তিনি আদালতে ২৭ মার্চের নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ২৭ এপ্রিলের গেজেটকে অবৈধ ঘোষণা এবং ইশরাককে শপথ থেকে বিরত রাখার নির্দেশনার আবেদন করেন। তিনি দাবি করেন, মেয়র পদ ইতোমধ্যেই অধ্যাদেশের মাধ্যমে শূন্য ঘোষণা করা হয়েছে, ফলে গেজেট জারি ও শপথের কোনো আইনি ভিত্তি নেই।
রিটের শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষ ও ইশরাকপন্থী আইনজীবীরা যুক্তি দেন, রিটকারীর কোনো আইনগত অবস্থান নেই, কারণ তিনি মামলার বিবাদী নন। নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার ছিল শুধুমাত্র আগের মেয়র ফজলে নূর তাপসের, কিন্তু তিনি আপিল না করে একজন তৃতীয় পক্ষ হাইকোর্টে রিট দায়ের করেছেন, যা আইনসঙ্গত নয়।
এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং পরদিন ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। সেই নির্বাচনে তাপস পেয়েছিলেন প্রায় ৪ লাখ ২৪ হাজার ভোট এবং ইশরাক পান ২ লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ইশরাক ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন। এরপর ২০২3 সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয় এবং প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয়। সেই অনুযায়ী ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি।
এ নিয়ে রাজধানীর রাজপথে উত্তেজনা তৈরি হয়েছে। ইশরাক হোসেনের সমর্থকেরা গেজেটের আলোকে দ্রুত শপথ কার্যকরের দাবিতে গত কয়েকদিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। বুধবার থেকে তারা মৎস্য ভবন, কাকরাইল ও যমুনা ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন।
আইনি প্রক্রিয়া চলমান থাকলেও গেজেট বহাল থাকায় ইশরাকের শপথ গ্রহণের আর কোনো আইনি বাধা নেই বলে আইনজ্ঞরা মনে করছেন। তবে রিটকারীর পক্ষের আপিল বিভাগে যাওয়া এবং ভবিষ্যৎ আদেশের দিকেই এখন নজর সবার।
খবরওয়ালা/এমএজেড