খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫
আন্দোলনরত এনবিআর কর্মীদের দাবি মেনে নিয়েছে সরকার। ভাগ হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশের সংশোধন করা হবে।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এদিকে সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ’। সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি।
আলোচনায় সরকার পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে।
এ ছাড়া রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কীভাবে প্রণীত হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সরকার পক্ষ আরও জানিয়েছে, প্রয়োজনীয় সংশোধন না হওয়া পর্যন্ত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ কার্যকর করা হবে না। এতে আন্দোলনরত কর্মকর্তাদের প্রধান আপত্তির বিষয়টি আপাতত নিষ্ক্রিয় হয়ে যায়।
জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অংশীজনদের সম্মতিতে একটি টেকসই কাঠামো গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
এর আগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল আন্দোলনরতরা। আন্দোলনকারীরা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ পুর্নর্বিবেচনার পাশাপাশি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার করার দাবি জানান। কর্মবিরতির কারণে প্রতিষ্ঠানটির সেবা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
খবরওয়ালা/এন