গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫
গাইবান্ধায় অবৈধভাবে নকল শিশু খাদ্য উৎপাদনকারী দুটি কারখানায় সেনাবাহিনীর অভিযানে সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার (২৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাস।
অভিযানকালে শিশু খাদ্য তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়। তারা নিজেদের বাড়ির ভেতরে অবৈধভাবে এই খাদ্যপণ্য উৎপাদনের কারখানা চালাচ্ছিলেন বলে জানা গেছে।
সেনা সদস্যরা জানায়, অভিযানে দুইটি নকল পণ্য উৎপাদন কারখানা, ৮টি উৎপাদন মেশিন, বিপুল পরিমাণ তৈরি শিশু খাদ্য ও পানীয় জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নকল ও নিম্নমানের খাদ্য উৎপাদনের মাধ্যমে তারা শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছিলেন, যা অত্যন্ত গুরুতর অপরাধ।
স্থানীয়দের ভাষ্য মতে, দীর্ঘদিন ধরেই এসব কারখানায় নকল খাদ্যপণ্য তৈরি করে তা স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিল। এই পণ্যগুলো শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছিল।
এ ঘটনায় এলাকাবাসী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অভিযান জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।
খবরওয়ালা/আরডি