সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সোমবার (২ জুন) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৩ সেপ্টেম্বর ২০২৪ সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর ২০২৪ মো. তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর ২০২৪ নাদিম হত্যা চেষ্টাসহ তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুইপক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘তিনটি মামলার কোনো এজাহারে ডা. আইভীর সরাসরি সম্পৃক্ততার উল্লেখ নেই। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিও পাওয়া যায়নি। তবুও আদালত জামিন আবেদন খারিজ করেছেন।’

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, ‘তিনটি মামলাতেই ডা. আইভী ‘হুকুমের আসামি’। এর মধ্যে একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, যেখানে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।’

উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
বর্তমানে তিনি তিনটি মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে রয়েছেন।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।