আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন।

সোমবার (২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ-অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কানপড়া দিয়ে বিভ্রান্ত করছেন।

জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্না প্রমুখ। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে গণতন্ত্র : সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সব শক্তিকে একত্রে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।