খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন ২০২৫
কক্সবাজারে ঘরে ঢুকে দুই ভাইকে ছুরিকাঘাত করা হলে আব্দুর রশিদ (১৮) নামে এক ভাইয়ের মৃত্যুর গটনা ঘটে। এ সময় নিহত তরুনের বড় ভাই তাজুম উদ্দিন ওরফে বাদশা ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
মঙ্গলবার (৩জুন) সন্ধ্যা ছয়টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্থানীয় আরেক তরুণ মোহাম্মদ সায়েম ওরফে জুনাইদ (২২) হাতে ছুরি নিয়ে আব্দুর রশিদের ঘরের দরজায় টোকা দেন। এ সময় আব্দুর রশিদ ঘুমন্ত অবস্থায় ছিলেন। রশিদের ভাই তাজুম দরজা খুলতেই তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর চিৎকারে আব্দুর রশিদ ঘুম থেকে জেগে উঠলে তাঁকে পরপর কয়েকটি ছুরিকাঘাত করা হয়। এতে আব্দুর রশিদ ঘটনাস্থলেই নিহত হন আর তাজুমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, গত সোমবার রাতে মদ খাওয়া নিয়ে সায়েমের সঙ্গে আব্দুর রশিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সায়েমের সঙ্গে থাকা ৫-৬ জন যুবককে মেরে আব্দুর রশিদ পালিয়ে যান। এই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সায়েম ঘরে ঢুকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটিয়েছে। দুই মাস আগে বদরখালীর খালকাঁচা পাড়ায় সায়েমের নেতৃত্বে এনজিও কর্মীকে ছুরি মেরে টাকা লুটের ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আব্দুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বড় ভাই তাজুম উদ্দিন চিকিৎসাধীন। মূল হত্যাকারীসহ অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
খবরওয়ালা/এফএস