খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ জুন ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের জন্য মতামত দিলেও যাদের প্রভাবে নির্বাচন এপ্রিলে নেওয়া হয়েছে, তাদের প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে।
রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আমীর খসরু।
এ সময় তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। ফ্যাসিবাদের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কিন্তু কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন আছে।’
সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছে বলেও মন্তব্য করেন আমীর খসরু। পাশাপাশি এই পরিস্থিতি দেশের রাজনীতিতে গভীর সংকট তৈরি করবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
খবরওয়ালা/এন