খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫
নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু মোটরসাইকেলে করে নরসিংদী শহরে খেলার সামগ্রী কিনতে গিয়েছিলেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। এসময় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়েছে বলে জানান। আর আহত অপুকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহতদের আরেক বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতেন। তারা খেলার সামগ্রী কিনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার উপপরিদর্শক (এস আই) অজয় বালা জানান, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ থানায় এনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
খবরওয়ালা/এসআর