খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চুরির অভিযোগ তুলে এক নারীকে প্রকাশ্যে মারধর, চুল কেটে দেওয়া এবং বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আসামিদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেন শতাধিক গ্রামবাসী, ঘটেছে ধস্তাধস্তিও।
ঘটনাটি ঘটে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে। মঙ্গলবার (১০ জুন) রাতে নির্যাতনের শিকার ওই নারী সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে পুলিশ মুক্তি খাতুন, পারভিন খাতুন ও লিপি খাতুন নামে তিন নারী আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কিন্তু বেলা ১১টায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। থানা ঘেরাও করেন শতাধিক গ্রামবাসী। তারা আসামিদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন এবং পুলিশের কাজে বাধা দেন। বেলা ১১টা ৩৫ মিনিট থেকে প্রায় ১৫ মিনিট ধরে থানা চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে পাঠায়।
গ্রামবাসীর দাবি, ওই নারী এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করে বেড়ান। ঘটনার দিনও তাঁকে হাতেনাতে ধরার কথা বলেন রিপন নামের এক বাসিন্দা। তিনি জানান, ‘আমার বাড়ি থেকে ৪১ হাজার টাকা ও মাংস চুরি করেছেন তিনি। আমরা চোর ধরেছি, আর পুলিশ আমাদের লোক ধরে নিয়ে গেছে।’
অন্যদিকে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ‘চুরির নাটক সাজিয়ে আমাকে পরিকল্পিতভাবে অপমান ও নির্যাতন করা হয়েছে। সালিসের নামে জোর করে গরু, ছাগল ও স্বর্ণালংকার কেড়ে নেওয়া হয়েছে। এখন মামলা তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) বিকেলে চুরির অভিযোগ তুলে ওই নারীকে প্রতিবেশীরা বাড়ি থেকে টেনে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে রাত আটটার দিকে আবার তাঁকে ধরে এনে চুল কেটে দেন অভিযুক্তরা। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় অনেকেই উল্লাস করছে এবং ভিডিও ধারণ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুর রশিদ বলেন, শারীরিক নির্যাতন, চুল কর্তন, লুটপাটসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা ঘেরাও প্রসঙ্গে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘আসামিদের আদালতে নেওয়ার সময় কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক।’
পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/আরডি