খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
সোমবার (১৬ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং ইরানের সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছিলেন।
একইসঙ্গে, মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। তেহরানের ফাশাফুয়েহ জেলায় রবিবার (১৫ জুন) দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চারসহ সামরিক সরঞ্জাম ও একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশের মুখপাত্র সাঈদ মনতাজের আল-মাহদী জানান, ওই ব্যক্তিরা অন্তর্ঘাতমূলক হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং হামলার আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে। একই দিন, আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতেও আরও দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের দাবি, তারা বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন, যা একটি বৃহৎ ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ।
ইরান বলছে, গত ১৩ জুন ইসরায়েল দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালানোর পর থেকেই মোসাদ সক্রিয়ভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা আঘাত হানে।
সরকার জানিয়েছে, দেশের অভ্যন্তরে মোসাদ সংশ্লিষ্ট সব নেটওয়ার্ক ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এ সকল অভিযানকে গোয়েন্দা সংস্থার সাফল্য এবং নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তার প্রতিফলন বলেও মনে করছে তারা।
সূত্র: তেহরান টাইমস
খবরওয়ালা/আরডি