ইরান-ইসরায়েল সংঘাতে প্রতিক্রিয়া জানালো চীন

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে সব পক্ষকে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘গঠনমূলক ভূমিকা’ পালনের আশ্বাসও দিয়েছেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

শি জিনপিং বলেন, ‘সব পক্ষের উচিত যত দ্রুত সম্ভব সংঘাত কমানোর জন্য কাজ করা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য সকল পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত চীন।’ 

প্রতিবেদন মতে, কাজাখস্তানের আস্তানায় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সাথে আলোচনার সময় শি জিনপিং বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।’

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, আমরা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি। সামরিক সংঘাত সমস্যার সমাধান নয় এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বেইজিং ইরান ও ইসরায়েলে বসবাসকারী চীনা নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করেছে। 

মঙ্গলবার (১৭ জুন) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনের কিছু নাগরিককে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।