খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫
রংপুরে জুলাই আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। জামিন শুনানির জন্য মঙ্গলবার (২৪ জুন) দিন ধার্য করেছেন বিচারক।
রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ (হাজীরহাট আমলি আদালত)-এর বিচারক মো. সোয়েবুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক।
মাহমুদুল হকের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, আমরা আদালতে মাহমুদুল হকের জামিনের আবেদন করেছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেছেন। আমরা আশাবাদী ন্যায়বিচার পাব।
তিনি বলেন, যে মামলায় তাকে আসামি করা হয়েছে মামলার বাদী এ বিষয়ে জানেন না। আবু সাঈদ হত্যাকাণ্ডের পর যে শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার করা জুলাই চেতনার পরিপন্থি।
আদালত চত্বরে মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন বলেন, আমি আশা করেছিলাম, আজ তাকে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিতে পারব; কিন্তু আদালতের এই সিদ্ধান্ত আমাদের ভীষণ হতাশ করেছে। কোনো যুক্তি বা কথা শোনার আগেই জামিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার না পেলে আমরা কোথায় যাব, কার কাছে ন্যায় চাইব?’
এদিকে মাহমুদুল হকের জামিন শুনানির খবর শুনে সকাল ১০টা থেকে আদালত চত্বরে জড়ো হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ‘জুলাই নিয়ে টালবাহানা চলবে না’, ‘মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তি চাই’, ‘জুলাই নিয়ে বাণিজ্য বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। জামিন শুনানির তারিখ দেওয়ার পর শিক্ষার্থীরা আদালত চত্বর ত্যাগ করেন।
গত বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে মাহমুদুল হককে রংপুর নগরের ধাপ ইঞ্জিনিয়ারপাড়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে হাজীরহাট থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা মাহমুদুল হক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বামীকে হত্যার অভিযোগে ৩ জুন হাজীরহাট থানায় ৫৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নগরের রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়ার বাসিন্দা আমেনা বেগম। মামলার ৫৪ নম্বর আসামি মাহমুদুল হক।
খবরওয়ালা/এসআর