খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫
ইরানে উত্তেজনা বাড়তে থাকায় এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপটে সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যেকোনো পদক্ষেপের নিন্দা জানিয়ে সৌদি আরব তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করছে। এর আগে গত ১৩ জুন রিয়াদ এক বিবৃতিতে একইভাবে হামলার নিন্দা জানিয়েছিল এবং দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছিল।
বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ধরে রাখতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে এবং কোনো ধরনের নতুন উত্তেজনা যেন না সৃষ্টি হয়, সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই সংকটময় সময়ে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে, যাতে একটি রাজনৈতিক সমাধানের মাধ্যমে সমস্যার অবসান ঘটিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু করা যায়।
যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার পর পুরো অঞ্চলে আরেক দফা বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
খবরওয়ালা/এন