খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদনে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে জাতীয় ফুল শাপলা। সেই সঙ্গে এএমএম নাসির উদ্দিন কমিশনের পুনর্গঠনও দাবি করেছে দলটি।
রবিবার (২২ জুন) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিবন্ধন আবেদনের শেষ দিনে প্রয়োজনীয় দলিলাদিসহ দলের আবেদন জমা দেন সদস্য সচিব আখতার হোসেন।
এ সময় দলের মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম মূখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বিকেল চারটার দিকে প্রায় পঞ্চাশ জন নেতাকর্মীসহ এনসিপি প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে। পরে নির্বাচন ভবনের দ্বিতীয় তলায় ডেস্কপ্যাচে গিয়ে আবেদনপত্র জমা দেন তারা।
‘আরপিওর অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। তারা আবেদন গ্রহণ করেছে।’
দলের মূখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তারা দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আবেদন করেছেন। বিকল্প প্রতীক হিসেবে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ চাওয়া হয়েছে।
এনসিপি নিবন্ধন পাবে এবং শাপলা প্রতীকে জয় জয়কর হবে আগামী নির্বাচনে বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে বলে দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা এখনও দাবি করছি বর্তমান ইসির পুনর্গঠন করতে হবে। এ ইসি পুনর্গঠন হতে হবে এবং পুনর্গঠন হবেই। আমরা বি অপশনে যাচ্ছি না। আর কোনো বিকল্প নেই।
খবরওয়ালা/এসআর