খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বোমা হামলার অভিযান শেষ করতে চায় ইসরায়েল। আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষতি হওয়ার পর এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত যুদ্ধ শেষ করতে চায় জেরুজালেম।
আরব কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে যে ইসরায়েল দশদিন ধরে চলা এই অভিযান শেষ করতে চায়। তবে ইরানের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের রবিবারের হামলার জবাব দেওয়া এখনও বাকি।
ইসরায়েলি চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মূল লক্ষ্য—ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা—কয়েক দিনের মধ্যেই অর্জিত হবে বলে বিশ্বাস করছে ইসরায়েল।
এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েল’কে বলেন, ‘যদি ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করে, আমরা এই অভিযান এখনই শেষ করতে চাই। সবই ইরানের ওপর নির্ভর করছে, আমাদের ওপর নয়।’
চ্যানেল ১২ আরও জানায়, অভিযান শেষ করতে দুটি পথ খোলা আছে— প্রথমত, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা দিতে পারে যে যুদ্ধের লক্ষ্য পূরণ হয়েছে, এবং ইরানও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে যে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—যা ইসরায়েলের কাছে কম গ্রহণযোগ্য।
তবে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না করলে ইসরায়েল তাদের হামলা আরও জোরালো করবে। ওয়াল্লা নিউজ জানিয়েছে, সোমবার তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে, যা ইসরায়েলের পরবর্তী কৌশলের ইঙ্গিত।
ইসরায়েলি নিরাপত্তা সূত্রের দাবি, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই যুদ্ধ বন্ধের প্রধান প্রতিবন্ধক।
ইসরায়েলি কর্মকর্তারা আশা করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা ইরানকে ফের আলোচনা টেবিলে ফিরতে বাধ্য করবে, যেখানে তেহরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। যদি ইসরায়েল মনে করে, ইরান তা গোপনে পুনর্গঠন করছে, তাহলে বিমান হামলা আবার শুরু হবে।
রবিবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি, বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ক্ষতি করেছি।’ তিনি বলেন, ‘আমরা অযথা দীর্ঘস্থায়ী যুদ্ধ চাই না, তবে সব লক্ষ্য পূর্ণ হওয়ার আগেই থামব না। ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি এবং খুব শিগগিরই সব লক্ষ্য পূর্ণ হবে।’
ইসরায়েল ১৩ জুন থেকে ইরানে ব্যাপক হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ৫৫০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় ১ হাজার ড্রোন ছুড়েছে।
ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত হয়েছে—যার মধ্যে রয়েছে সাধারণ মানুষ, সেনা, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য ও পারমাণবিক বিজ্ঞানীরা। অপরদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক ভবন, একটি বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে আঘাত করেছে, যার ফলে বড় ক্ষতি হয়েছে।
খবরওয়ালা/এন