ধর্ম অবমাননা নয়, ১০ টাকা নিয়ে তর্ক করে মবের শিকার বাবা-ছেলে -দাবি পরিবারের

লালমনিরহাটে মাত্র ১০ টাকা নিয়ে তর্কের জেরে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে ধর্ম অবমাননার অভিযোগে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। পরে তাদের আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি ধর্ম নয়, ছিল সম্পূর্ণ অর্থনৈতিক এবং ব্যক্তিগত বিরোধের জের।

ঘটনাটি ঘটে রবিবার (২২ জুন) বিকেলে লালমনিরহাট শহরের হানিফ মোড় এলাকায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন—সেলুন ব্যবসায়ী ফরেশচন্দ্র শিল (৬৯) এবং তাঁর ছেলে বিষ্ণুচন্দ্র শিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার এক কিশোর সেলুনে চুল কাটাতে গেলে তাকে উদ্দেশ্য করে ফরেশচন্দ্র ‘ধর্ম নিয়ে কটূক্তি করেছেন’—এই অভিযোগ তুলে কিশোরটি। বিষয়টি শনিবার পর্যন্ত এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর রবিবার যোহরের নামাজের পর স্থানীয় একদল লোক সেলুনে গিয়ে বাবার সঙ্গে কথাকাটাকাটিতে জড়ায় এবং একপর্যায়ে বাবা-ছেলেকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর সেই দৃশ্য ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বড় একটি জমায়েত থানা ঘিরে ফেলে এবং ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবি জানায়। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর বিষ্ণুচন্দ্র শিলের স্ত্রী দীপ্তি রাণী রায় একটি ভিডিও বার্তায় বলেন, “আমার স্বামী আর শ্বশুরের সাথে দেখা করতে গেলে জানতে পারি, পুরো ঘটনার সূত্রপাত মাত্র দশ টাকা নিয়ে। আমার স্বামী চুল কাটার টাকা চেয়েছিলো, আর ছেলেটি সেটা দিতে অস্বীকৃতি জানায়। এর থেকেই কথা-কাটাকাটি হয় এবং সে হুমকি দেয়—আপনাকে দেখে নেবো।”  

তিনি অভিযোগ করেন, “আমার স্বামী এবং শ্বশুরের উপর যে নৃশংস নির্যাতন চালানো হয়েছে এবং আমাদের দোকানে যে লুট হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। আমরা কোনো ধর্মবিরোধী কাজ করিনি, কেবল নিজের অর্জিত পাওনা চেয়েছি।”

এ ঘটনায় পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন, ‘ধর্ম অবমাননার অভিযোগ’ এখন অনেক সময়ই ব্যক্তি প্রতিহিংসা বা অর্থনৈতিক বিরোধ ঢাকার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করছে।

খবরওয়ালা/এমইউ/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।