খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তে ইরানে ইসরায়েলি হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে আল–জাজিরা।
নিহত কর্মকর্তার নাম নেদা রাফিয়ি পারসা। তিনি ইরানের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থা তাভানির-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম মেহর।
এর আগে তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গিলান প্রদেশের আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত হন। হামলায় ধ্বংস হয়েছে চারটি আবাসিক ভবন এবং আহত হয়েছেন ৩৩ জন, যাদের মধ্যে অন্তত ১৬ জন নারী ও শিশু।
আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আশপাশের ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হামলাগুলো যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চালানো হয়, যা ইরান-ইসরায়েল সংঘাতকে আরও জটিল করে তুলছে।
খবরওয়ালা/আরডি