খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় মো. সাখাওয়াত হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাখাওয়াত হোসেন কুমিল্লা নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দাস বলেন, ‘মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। আহত হয় তার স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চন্দন দাস আরও জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সাখাওয়াতের স্ত্রীকে উদ্ধার করেছে। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
খবরওয়ালা/এসআর