খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
রাজধানীর ওয়ারী এলাকার একটি আবাসিক হোটেল থেকে সেলিম জাহান (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল ইসলাম।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ নামের হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম জাহান শরীয়তপুর জেলার পালং উপজেলার ছোট সন্দীপ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ওসি ফয়সাল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং হোটেল কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেলিম জাহানকে বাথরুমের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কক্ষ তল্লাশির সময় তাঁর চিকিৎসার কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সেগুলো থেকে জানা যায়, তিনি গত ২১ জুন চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় এসে হোটেলের ওই কক্ষে উঠেছিলেন।
চিকিৎসাপত্র অনুযায়ী, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, ইতোমধ্যে নিহতের স্বজনরা হোটেলে এসে মরদেহ শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবরওয়ালা/এফএস