খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮ থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত) দুইজন মারা গেছেন। তারা দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫৫ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬ জন, যাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৭ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। যার মধ্যে ৫ হাজার ২১১ জন পুরুষ ও ৩ হাজার ৬৫৯ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল ১,০০,০৪০ জন।
খবরওয়ালা/এসআর