বৈছাআ ও ছাত্রদল নেতাকর্মীদের হুমকিতে এসআই সুকান্ত দাশকে গ্রেপ্তার

পুলিশের এসআই সুকান্ত দাশকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে খুলনা নগরীর ইস্টার্ন গেট এলাকা থেকে স্থানীয়রা এসআই সুকান্ত দাশকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের হাতে তুলে দেন। ওই রাতেই পুলিশ তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৫ জুন) দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। রাত সাড়ে ৯টার দিকে ছাত্ররা চলে গেলে পুলিশ কর্মকর্তারা তালা ভেঙে বাইরে বের হন। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আবারও কেএমপি সদর দপ্তর ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল আন্দোলনরত ছাত্ররা।

খুলনা সদর থানায় কর্মরত অবস্থায় এসআই সুকান্ত দাশের বিরুদ্ধে গত জুলাই মাসের অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তারের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর তাকে প্রথমে ঢাকায়, পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর সভাপতি আল শাহরিয়ার বলেন, ‘আমাদের প্রধান দাবি মানা হয়েছে। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, সদর থানায় দায়ের হওয়া একটি বাড়ি ভাঙচুর মামলায় সুকান্তকে গ্রেপ্তার করা হয়েছে। একজন সরকারি কর্মচারী গ্রেপ্তারে বিধি-বিধান অনুসরণ করতে সময় লেগেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।