ইসরায়েল-ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ বিষয়ে মতবিনিময় করেন।

শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে—দুই নেতা ইরান-ইসরায়েল সংকট নিরসনে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। আলোচনায় মার্কো রুবিও দৃঢ়ভাবে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

এদিকে, পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওই ফোনালাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে ‘সাহসী ও ফলপ্রসূ’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। রুবিওও পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়।

প্রসঙ্গত, ইসরায়েল-ইরান সংঘাত এমন সময় শুরু হয় যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো অঞ্চল আগে থেকেই উত্তপ্ত হয়ে আছে।

এই পরিস্থিতির মধ্যেই গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং এর জবাবে সোমবার ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

পাকিস্তান অবশ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তবে একই সঙ্গে ইসলামাবাদ চলতি মাসে এক বিবৃতিতে ভারত-পাকিস্তান সীমান্তে চার দিনের যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণাও দিয়েছে।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।