ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির এক সপ্তাহ পার হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ থেকে সাত দিন ধরে যেসব উত্তপ্ত কথা চালাচালি হয়েছে, তাতে আশঙ্কা ছিল যুদ্ধবিরতি ভেঙে যাবে যে কোনো সময় । ইরান-ইসরায়েল পরস্পরকে অবিশ্বাসের কথা জানায়। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাখোশ হন । পরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব সহযোগিতা বন্ধ ঘোষণা করে ইরান।
ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে আবারও হামলা চালানোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন ট্রাম্প । এ অবস্থায় দিন যত যাচ্ছে, ততই আরও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। গতকাল সোমবার ‘ভঙ্গুর যুদ্ধবিরতির এক সপ্তাহ : যা এখনও অজানা’ শীর্ষক এপির প্রতিবেদনে এই আশঙ্কার কথা উঠে আসে।
গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইরান প্রতিশোধমূলক পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে যায় সংঘাত। পরবর্তীতে শেষ পর্যন্ত ২৩ জুন যুদ্ধবিরতি ঘোষিত হলেও সব পক্ষ সম্মত হয় ২৫ জুন।
প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের রক্তক্ষয়ী এই যুদ্ধ বিশ্বকে আতঙ্ক ও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর শান্তি প্রতিষ্ঠিত হলেও অমীমাংসিত রয়ে গেছে এখনও অনেক কিছু। ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়ে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা ফের শুরু হওয়ার আভাস মিলেছে।এই পরিস্থিতি কাজে লাগিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু গাজায় ২০ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারবেন কিনা, তা এখন বড় প্রশ্ন।
খবরওয়ালা/ টিএস



