খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫
গাজা উপত্যকায় ইসরায়েলি বন্দিদের ফেরাতে হামাসের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ চুক্তি’র দাবিতে শনিবার (৫ জুলাই) তেল আবিবে হাজারো ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছে।
ইসরায়েলি দৈনিক ‘ইদিওথ আহরনোথ’ জানিয়েছে, বিক্ষোভকারীরা ‘নির্বাচিত নয়, পূর্ণাঙ্গ চুক্তি’র আহ্বান জানিয়েছে, যাতে গাজায় আটক সকল বন্দি— জীবিত কিংবা মৃত—ফিরিয়ে আনা সম্ভব হয়।
বিক্ষোভে অনেক বন্দির পরিবার অংশ নেন। তাঁরা এমন কোনো আংশিক চুক্তির বিরোধিতা করেন, যাতে কেবল অল্পসংখ্যক বন্দির মুক্তির সুযোগ থাকে। তাঁরা সরকারপ্রধান বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি চাপ সৃষ্টির আহ্বান জানান, যেন তিনি বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করেন।
এই বিক্ষোভের মধ্যেই ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছে, তারা দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে, যারা হামাসসহ ফিলিস্তিনি পক্ষগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে। সরকার জানায়, হামাসের পক্ষ থেকে ‘ইতিবাচক সাড়া’ পাওয়ার পরই তারা এ সিদ্ধান্ত নেয়।
ইসরায়েলের সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যস্থতাকারীরা আশাবাদী— দুই পক্ষের মধ্যে পার্থক্য কমিয়ে আনা সম্ভব, যা চুক্তির পথ সুগম করতে পারে।
এদিকে, ‘হারেৎজ’ পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহু রবিবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটনের পথে রওনা দেবেন।
ইসরায়েলি হিসাব অনুযায়ী, এখনো গাজায় প্রায় ২০ জনসহ ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি কারাগারে ১০ হাজার ৪০০-র বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে। মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলোর মতে, এসব বন্দিকে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার মধ্যে রাখা হয়েছে, যার ফলে বহু বন্দির মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৫৭ হাজার ৩০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও একটি মামলা চলমান রয়েছে।
খবরওয়ালা/এন