খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ই জুলাই ২০২৫, ৯:৫ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবার দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান বসুন্ধরা মিডিয়াকে সরাসরি হুমকি দিয়েছেন। এই হুমকির বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন কালের কণ্ঠ পত্রিকার একটি অনলাইন প্রতিবেদনে মন্তব্য করে। রবিবার (৬ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওই মন্তব্যটি প্রকাশিত হয়।
পূর্বের বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, “সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।”
এর আগে রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপি আয়োজিত একটি পদযাত্রায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন,
“হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি।”
তিনি আরও যোগ করেন, “বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।”
তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে একটি বড় গণমাধ্যমকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে বসুন্ধরা মিডিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সূত্রমতে, বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, একটি রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতার এমন প্রকাশ্য হুমকি দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদমাধ্যমের নিরপেক্ষতার জন্য একটি অশনিসংকেত।
খবরওয়ালা/টিএস
মন্তব্য