তেলের বিনিময়ে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে কয়েকজন আরব গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে একটি কার্যত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর শুরু হয়।

আরেক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো ইরানের এই পদক্ষেপ সম্পর্কে অবগত এবং হোয়াইট হাউসকে বিষয়টি জানানো হয়েছে।

ইরান ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র পেয়েছে তা জানা না গেলেও, এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান মূলত তেলের বিনিময়ে এই অস্ত্র কিনছে।

চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মালয়েশিয়ার মতো তৃতীয় দেশের মাধ্যমে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে আসছে বেইজিং।

এক আরব কর্মকর্তা বলেন, ‘ইরান প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে লেনদেন করে।’

সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে

এই অস্ত্র সরবরাহ চীন-ইরান সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের সময় রাশিয়া ও চীন দূরত্ব বজায় রেখেছে বলে পশ্চিমা পর্যবেক্ষকদের কেউ কেউ মন্তব্য করলেও বাস্তবে তেহরানকে সামরিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বেইজিং।

সম্প্রতি সংঘাতে ইসরায়েল ইরানের আকাশে আধিপত্য বিস্তার করে ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে আক্রমণ চালায়। তা সত্ত্বেও ইরান যুদ্ধ চালিয়ে যায় এবং পাল্টা হামলায় তেল আবিব ও হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করে।

ইতিহাস অনুযায়ী, চীন অতীতেও ইরানকে মিসাইল সরবরাহ করেছে। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধ চলাকালীন চীন থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে HY-2 ‘সিল্কওয়ার্ম’ ক্রুজ মিসাইল পায় ইরান। তখন ওই মিসাইল ব্যবহার করে কুয়েত ও একটি মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়।

২০১০ সালেও চীন থেকে HQ-9 ক্ষেপণাস্ত্র পেয়েছে ইরান—এমন খবর পাওয়া যায়।

বর্তমানে ইরানের কাছে রয়েছে রাশিয়ার এস-৩০০, চীনা ও দেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা—যেমন ‘খোরদাদ’ ও ‘বাভার-৩৭৩’ সিরিজ। তবে এইসব সিস্টেম সীমিতভাবে ইসরায়েলের ব্যবহৃত মার্কিন স্টেলথ ফাইটার এফ-৩৫ প্রতিরোধে সক্ষম।

চীনের HQ-9 ও HQ-16 প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান ও মিসর ইতোমধ্যেই ব্যবহার করছে বলে জানা গেছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।