খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
দখলদারদের দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে স্থানীয় শিশু-কিশোরদের জন্য গড়ে তোলা হয়েছে খেলার মাঠ।
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী গুদারাঘাট-সংলগ্ন এই জায়গা দীর্ঘদিন দখল করে রাখা হয়েছিল ইট, বালু ও খোয়ার ব্যবসার জন্য।
অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত হয় সরকারি জমি। আর সে জমিতেই তৈরি হলো নতুন খেলার মাঠ।
পৌর প্রশাসক ও ইউএনও তনিমা আফ্রাদ স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এটিকে পৌর খেলার মাঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় তরুণরা বলছেন, “আমাদের কোনো স্থায়ী খেলার জায়গা ছিল না। এখন নিয়মিত খেলাধুলা করতে পারবো। এতে শুধু শরীরচর্চা নয়, নানা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও বাড়বে।”
ইউএনও বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। তাই আমরা চাই প্রতিটি এলাকায় খেলার মাঠ থাকুক। প্রশাসন সেই লক্ষ্যেই কাজ করছে।”
খবরওয়ালা/আশ